ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে। রোববার বিকেলে হলের প্রভোস্ট কার্যালয়ের সামনে এ হাতাহাতি হয়।
জানা যায়, গতকাল শনিবার হলের ভেতরে সমকামিতার অভিযোগের পর গঠিত তদন্ত কমিটির বৈঠককে কেন্দ্র করে প্রথমে আজ উত্তেজনা সৃষ্টি হয়। তখন দুপক্ষই তর্কে জড়িয়ে যায়। তদন্ত কমিটির সভা চলাকালে প্রভোস্ট কার্যালয়ের সামনে এবং হল ভবনের বাইরে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা অবস্থান নেয়।
একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি, অভিযোগ-পালটা অভিযোগে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে শিক্ষকদের হস্তক্ষেপে সন্ধায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শনিবার হল সংসদের এজিএস ইব্রাহীম খলিলের কক্ষে দুজন বহিরাগতের বিরুদ্ধে সমকামী কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে এ হাতাহাতির সূত্রপাত বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।