নরসিংদীতে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

নরসিংদীর শিবপুরে একটি সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। বুধবার সকালে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক মহাসড়কের শিবপুর উপজেলার কুমড়াদি এলাকায় এ দুর্ঘটনা হয়।

নিহত শেখ মোহাম্মদ ইলিয়াস শিবপুর উপজেলার বান্দারদিয়া এলাকার শেখ মোহাম্মদ ঈমাম উদ্দিনের ছেলে। আহতরা হলো– শিবপুর উপজেলার পুরান্দিয়া এলাকার আবুবকর সিদ্দিক (৬৫), দত্তেরগাঁও এলাকার পাবেল (৪৩), সাইদুর রহমান খান (৫০) এবং মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকার সিএনজি চালক হাদিস মিয়া (৩৪)। আহত চারজন বর্তমানে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, ইটাখোলা থেকে মনোহরদীর দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকারের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে সজোরে ধাক্কা দেন। এতে সিএনজিতে থাকা পাঁচজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজনের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।