গেন্ডারিয়ায় বাসায় ঝুলছিল যুবকের মরদেহ 

রাজধানীর গেন্ডারিয়ার হাবিব নগরের মেহেরুন টাওয়ারের বাসার কক্ষ থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মোহাম্মদ সাইদুর রহমান (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সাইদুরের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বড় ডালিমা গ্রামে। বর্তমানে পরিবারের সাথে গেন্ডারিয়া মেহেরুন টাওয়ারে ভাড়া বাসায় বসবাস করতেন।

হাসপাতালে নিহতের বাবা মো. শহিদুল ইসলাম বলেন, ‘ছেলে আমার ব্যবসা দেখাশোনা করতো। দেড় বছর পূর্বে প্রেম করে বিয়ে করে। গতকাল স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওর স্ত্রী বাবার বাড়ি চলে যায়। এই নিয়ে মানসিক টেনসনে সাইদুর নিজরুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে। পরে আমরা বিষয়টি জানতে পেয়ে অচেতন অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ছেলে আর বেঁচে নেই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।