গাজীপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ঢাকা-ময়মনসিংহ রেলরুটের গাজীপুরের শ্রীপুরের ইজ্জতপুর রেল স্টেশন এলাকায় রেললাইন থেকে স্বামী-স্ত্রীর ছিন্ন–বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

নিহতের স্বজনদের দাবি, তারা উভয়ে আত্মহত্যা করেছেন।
 
নিহত রিনা আক্তার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি এলাকায় সিদ্দিক মিয়ার মেয়ে। অপর নিহত আল আমিন। আল আমিনের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি। রিনা আক্তার ও আল আমিন দুজনই গার্মেন্টস কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ইজ্জতপুর রেল স্টেশনের আউটার সিগন্যালে ট্রেনে কাটা ছিন্ন-বিচ্ছিন্ন যুবক-যুবতীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম সিরাজী বলেন, ‌‘বিকালের দিকে এক ছেলে এক মেয়ে ময়মনসিংহ গামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এরপর ট্রেনের নিচে পড়ে তাদের মরদেহ অনেক দূর নিয়ে যায়। মরদেহের অংশ রেলপথের প্রায় ৫০০ মিটার সড়কজুড়ে পড়ে রয়েছে।’ 

নিহত রিনার স্বজনরা জানান, রিনা ও আল-আমিন চার বছর আগে পরিবারের অমতে প্রেমের সম্পর্কে দ্বিতীয় বিয়ে করেন। পরিবার তাদের প্রেমের বিষয়টি মেনে না নেওয়া তারা দুজনই শ্রীপুর পৌরসভায় ভাংনাহাটি এলাকায় আলাদা বাসায় ভাড়া থাকত। সম্প্রতি তারা অনলাইন জুয়ায় আসক্ত হয়। এ নিয়ে তাদের প্রায়ই ঝগড়া হতো। হয়তো পারিবারিক কলহে তারা একসাথে আত্মহত্যা করে থাকতে পারে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক এসআই ফারুক হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল এসে মরদেহ উদ্ধার করেছে পুলিশ । এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’