গাজীপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ 

গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদ ও সড়কে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে মাদ্রাসার প্রধান গেটের সামনে ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে এ অবরোধ কর্মসূচি পালন করে।

এদিকে অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে দুপাশে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকেরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শনিবার সন্ধ্যায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আলী গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হন। এ ঘটনার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। এ অবস্থায় ইয়াসিনের মৃত্যুর প্রতিবাদে মাদ্রাসার শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেন। 

শিক্ষার্থীদের অভিযোগ, গাজীপুরা বাসস্ট্যান্ড ও তামীরুল মিল্লাত মাদ্রাসার সামনের অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়ক হলেও এখানে শিক্ষার্থী ও পথচারীদের নিরাপদে পারাপারের পর্যাপ্ত ব্যবস্থা নেই। দ্রুতগতিতে যানবাহন চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। তাই  এই  এলাকায় অবিলম্বে একটি ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি করেন তারা।

এছাড়া গাজীপুরা এলাকায় দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে স্পিডব্রেকার বা কার্যকর গতিরোধক নির্মাণ করতে হবে। দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তারা।

অন্যদিকে দীর্ঘ সময় অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল থাকায় ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) আশরাফুল ইসলাম বলেন, ফুট ওভারব্রিজ নির্মাণসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের জন্য  কাজ করছে পুলিশ।