দ্রুত পাসপোর্ট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৮

ঝামেলা ছাড়া পাসপোর্ট পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে একটি প্রতারক চক্রকে আটক করেছে র‍্যাব-২। সোমবার রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে চক্রটির ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়। আটককৃতদের সাথে যোগসাজশ থাকা পাসেপার্ট অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পাসপোর্ট অধিদপ্তর।

চক্রটি দীর্ঘদিন ধরে এভাবে প্রতারণা করে আসছে বলে জানা যায়। তারা সল্পসময়ে পাসপোর্ট দেওয়ার নাম করে সাধারণ গ্রাহকদের প্রতারিত করে আসছিল। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজিদ আহম্মেদ জানান, ৫০০ টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন প্যাকেজে পাসপোর্টের জন্য তদবির করত তারা। অনেকে আগারগাঁও এলাকায় বংশ পরম্পরায় এ প্রতারণার ব্যবসার সাথে জড়িত।  

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের বিভাগীয় উপ পরিচালক ইসমাইল হোসেন জানান, এমন অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অধিদপ্তরের তৎপরতায় দালালদের দৌরাত্ম্য অনেকটা কমে আসছে বলে জানান এই কর্মকর্তা। 

প্রতারক চক্রে জড়িতদের ধরতে রাজধানীর উত্তরা ও কেরাণীগঞ্জ পাসপোর্ট অফিসেও অভিযান চালিয়েছে র‍্যাব।