মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে গণহত্যাসহ, মানবতাবিরোধী অপরাধের মামলায়, সাবেক তিন মন্ত্রীসহ গ্রেপ্তার থাকা ১১ আসামিকে আগামী ৩ সেপ্টেম্বর হাজির করার পরবর্তী দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই মামলায় মোট ৪১ জনকে আসামি করেছে প্রসিকিউশন। আজ রোববার ট্রাইব্যুনাল-২ এ গ্রেপ্তার থাকা ১১ আসামির মধ্যে সাবেক মন্ত্রী দীপু মনিসহ ৯ জনকে হাজির করা হয়।
সাবেক দুই মন্ত্রী হাসানুল হক ইনু ও আব্দুর রাজ্জাককে এদিন আনা হয়নি। এজন্য এই দুইজনসহ গ্রেপ্তার থাকা মোট ১১ আসামিকে ৩ সেপ্টেম্বর হাজির করতে বলেছেন আদালত।
গত ২৭ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মামলার ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে শেখ হাসিনাসহ পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর ৩০ জুলাই সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২।
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে দিনভর উত্তেজনা ও সহিংসতার পর, গভীর রাতে পুলিশ, র্যাব ও বিজিবি যৌথ অভিযান চালায়। এই ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগে প্রসিকিউশন হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে গণহত্যাসহ তিনটি অভিযোগ এনেছে। প্রসিকিউশন এ পর্যন্ত নিহত ৬১ জনের তালিকা পেলেও, শনাক্ত করতে পেরেছে ৫৮ জনের পরিচয়।