নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে নিহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াজেদ আলম সীমান্ত হত্যা মামলায় তিন ছিনতাইকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতে বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন–অনিক, আকাশ খান ও চান্দি বাবু। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু।

এই আইনজীবী জানান, ২০২৪ সালের ১২ ডিসেম্বর ভোর ৬টায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি অব বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সীমান্ত ভার্সিটিতে যাওয়ার পথে শহরের দেওভোগ এলাকায় মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় ছিনতাইয়ে বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে তাকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে ব্যাগ ও মুঠোফোন নিয়ে যায় ছিনতাইকারীরা।

পরে আশপাশের লোকজন গুরুত্ব আহত অবস্থায় তাঁকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ১৪ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে নিহতের বাবা হাজী আলম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ২৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক তাদের এ রায় দেন।

রায়ে বাদীপক্ষের আইনজীবী সন্তুষ্টি প্রকাশ করে উচ্চ আদালতও রায় বহাল রাখবে এবং দ্রুত তা কার্যকর করবে এমন প্রত্যাশা।

এদিকে নিহতের বাবা সন্তুষ্টি প্রকাশ করে রায়টি দ্রুত কার্যকর করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।