ডেমরা-নারায়ণগঞ্জ সড়কের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও হেরোইনসহ রনি ভূঁইয়া নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। রোববার দিনগত রাত আড়াইটায় ডেমরা-নারায়ণগঞ্জ সড়কের হাজিনগর এলাকার ওই বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী র্যাব-১১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক লেফটেনেন্ড কমান্ডার নাঈম উল হক এসব তথ্য জানান।
র্যাব–১১ এর উপ-অধিনায়ক লেফটেনেন্ড কমান্ডার নাঈম উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রনি ভূঁইয়ার দেওয়া তথ্যে তার ওয়ারড্রব থেকে একটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং ১শ গ্রাম হেরোইন, ২টি ওয়াকিটকি, ২টি হ্যান্ড মাইক ও একটি ইলেকট্রিক শকারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
লেফটেনেন্ড কমান্ডার নাঈম উল হক আরও জানান, গ্রেপ্তার রনি নারায়ণগঞ্জের আড়াইহাজার ও ঢাকার ডেমরাসহ বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় চারটি ডাকাতি মামলা ও একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে।