স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

স্বামীর মৃত্যুর জন্য মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।

পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে আজ বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য এ প্যারোল মঞ্জুর করা হয়েছে।

এর আগে বুধবার দীপু মনিকে প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তাঁর মেয়ে তানি দীপাবলি। পরে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুরের বিষয়টি জানানো হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, বুধবার দুপুর ১২টার দিকে তাঁর মেয়ে তানি দীপাবলি মায়ের সঙ্গে দেখা করতে কারাগারে প্রবেশ করেন। পরে কারাগার থেকে বের হয়ে দীপু মনির প্যারোলে চার দিনের মুক্তির আবেদন করেন।

আইনজীবী আরও জানান, প্যারোলে মুক্তির পর দীপু মনি রাজধানীর কলাবাগানে তাঁর বাসভবনে গিয়ে স্বামীর মরদেহ দেখবেন। এরপর গুলশান আজাদ মসজিদে বাদ জোহর তার নামাজে জানাজা ও দোয়া অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী। দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি।