গাজীপুরে অস্ত্রসহ কিশোর গ্যাং লিডার আটক

গাজীপুরের বানিয়ারচালা এলাকায় দুটি বিদেশি পিস্তল, একটি এয়ারসফট পিস্তল, তিনটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ জাহিদ হাসান নামে এক কিশোর গ্যাং লিডারকে আটক করেছে র‍্যাব।

সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক শাহ আলম।

র‍্যাব কর্মকর্তা জানান, আটক জাহিদ হাসান দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন ধরনের অস্ত্রের মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে আসছিলেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে র‍্যাব-১-এর একটি আভিযানিক দল বানিয়ারচালা এলাকায় অভিযান চালায়।

এ সময় জাহিদ হাসানের বসতবাড়ির শয়নকক্ষ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি এবং পিস্তলসদৃশ একটি খেলনা এয়ারসফট পিস্তল উদ্ধার করা হয়।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, আটক জাহিদ হাসানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।