টাঙ্গাইলের সখীপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংর্ঘষে মা ও শিশু ছেলে নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—বাসাইল উপজেলার আদাবাড়ি গ্রামের শুভ আহমদের স্ত্রী ইসরাত জাহান আখি ও তাদের এক বছর বয়সী ছেলে রিফাত৷
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বাসাইলের আদাবাড়ি গ্রামের স্বামীর বাড়ি থেকে ছেলেকে সঙ্গে নিয়ে অটোরিকশায় করে সখীপুর উপজেলার পাহাড়কাঞ্চনপুরের উদ্দেশে রওনা হন আখি। অটোরিকশাটি নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে সিএনজি থেকে ছিটকে পড়ে মা ও শিশু ছেলে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত মা ও ছেলের মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে৷ এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে৷’