মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ উল্টে আবদুস সালাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত আবদুস সালাম কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার গজারিয়া ইউনিয়নের পশ্চিম চর করমশি গ্রামের আবদুল বারেক ভূঁইয়ার ছেলে। তিনি শিবচর থানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শিবচর থানার একটি পুলিশবাহী পিকআপ মাদারীপুর আদালতে আসামি রেখে শিবচরের দিকে ফিরছিল। পথে সদর উপজেলার পখিরা গ্রামে পৌঁছালে ৭ বছর বয়সী ইমা আক্তার ও তাঁর বাবা ইব্রাহিম সরদারকে সাইড দিতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। পরে সেটি সড়কের পাশে উল্টে পড়ে।
এ সময় গাড়িতে থাকা পুলিশ সদস্য আবদুস সালাম গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আরও চার পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া ইমা আক্তার, তার বাবা ইব্রাহিম সরদারসহ স্থানীয় আরও পাঁচজন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চার পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, মাদারীপুর থেকে শিবচরগামী পুলিশের গাড়িটি একটি শিশু ও তার বাবাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে এক পুলিশ সদস্য নিহত এবং আরও চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া স্থানীয় কয়েকজনও আহত হয়েছেন।’