নারায়ণগঞ্জে মাদক কারবার নিয়ে বিরোধের জেরে শুভ দাস নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে শহরের চাষাঢ়া হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত সোয়া ১টার দিকে হকার্স মার্কেট সংলগ্ন রাস্তার মোড়ে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের বুকে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে।
নিহত শুভ দাসের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার মতলব বাজার এলাকায়। তিনি নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, নিহতের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগে অন্তত ৪-৫টি মামলা রয়েছে এবং মরদেহ তল্লাশি করে বেশ কিছু ইয়াবাও পাওয়া গেছে। মাদক কারবার নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।
এ ঘটনায় মামলার প্রক্রিয়াসহ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।