রান্নাঘরে ছিল বিপুল ককটেল, বিস্ফোরণে নারী আহত

শরীয়তপুরের জাজিরায় একটি রান্নাঘরে মজুত রাখা বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের চালা উড়ে যাওয়ার পাশাপাশি আর দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় রোকেয়া বেগম  নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

শনিবার দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া চরকান্দি এলাকায় ফারুক ছৈয়ালের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত রোকেয়া বেগম চরধুপুরিয়া চরকান্দি এলাকায়র ফারুক ছৈয়ালের স্ত্রী। 

পুলিশ জানায়, শনিবার দুপুরে ফারুক ছৈয়ালের স্ত্রী রোকেয়া বেগম রান্নার জন্য রান্নাঘরে প্রবেশ করেন। এ সময় রান্নাঘরে মজুত করে রাখা বিপুল পরিমাণ ককটেল একসঙ্গে বিস্ফোরিত হয়। এতে বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণে রোকেয়া বেগম গুরুতর আহত হন। এছাড়াও বিস্ফোরণের তীব্রতায় রান্নাঘরের টিনের চালা উড়ে বাঁশ বাগানে উঠে যাওয়ার পাশাপাশি সামাদ ছৈয়াল ও হাকিম ছৈয়ালের দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। 

এদিকে আহত রোকেয়া বেগমকে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। 

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহম্মেদ বলেন, ‘রান্নাঘরে ড্রামের ভিতরে বালতি রাখা ছিল, সেই বালতিতে বিপুল পরিমাণ ককটেল ছিল। সেই ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। এ ঘটনায় যারা জড়িত আছে তাদের আইনের আওতায় আনা হবে।’