নবাবগঞ্জে সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী নিহত 

ঢাকার নবাবগঞ্জের খাসরুল এলাকায় সিএনজির নিয়ন্ত্রণ হারিয়ে মো. আলাউদ্দিন (২০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে নবাবগঞ্জ থানাধীন খাসরুল এলাকায় এ দুর্ঘটনা হয়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা বলেন, ‘আজ বিকেল ৪টার দিকে খাসরুল এলাকায় সিএনজিতে যাত্রী হিসেবে ছিলেন আমার ছেলে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি দুর্ঘটনার শিকার হয়। এতে আলাউদ্দিন গুরুতর আহত হয়। প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে স্থানীয়রা তাকে রাত সাড়ে ৭টার  দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও আমার ছেলেকে আর বাঁচানো সম্ভব হয়নি।’

নিহত আলাউদ্দিনের মা জানান, নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দুলালপুর গ্রামে। তার বাবার নাম আবুল কালাম। তিনি বর্তমানে যাত্রাবাড়ীতে বসবাস করতেন। নিহত আলাউদ্দিন তার বাবার এমব্রয়ডারির ব্যবসা দেখাশোনা করতেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।