টাঙ্গাইলে আনসার সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৪০) নামের এক সাময়িক বরখাস্ত হওয়া আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হানিফ খান উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা বক্তার আলী খানের ছেলে। 

জানা গেছে, মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই নিহতের স্ত্রী মনিরা সুলতানা বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে আরও ৫ থেকে ৬ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর করিব বলেন, ‘এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। মামলার পর দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ মর্গে রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’