প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে তিন ঘণ্টা সড়ক অবরোধের পর কর্মসূচি প্রত্যাহার করেছেন মহাখালীর বাস মালিক ও শ্রমিকেরা। দূরপাল্লার বাসে অবৈধভাবে মামলা দেওয়া ও বাস ডাম্পিং করার অভিযোগে বৃহস্পতিবার বেলা তিনটার দিকে মহাখালী বাস টার্মিনালসংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ঢাকা জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা।
ডিএমপির গুলশান বিভাগ ট্রাফিক জানায়, মহাখালী বাস টার্মিনাল এলাকায় পরিবহন মালিক ও শ্রমিকবৃন্দ সড়ক থেকে তাদের অবস্থান প্রত্যাহার করে নেওয়ায় বর্তমানে সড়কের উভয় পাশে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এলাকার সার্বিক যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।
শ্রমিকদের অভিযোগ, যানবাহনের সব ধরনের কাগজপত্র ঠিক থাকার পরও এক বা একাধিক মামলা দেওয়া হচ্ছে। এ ছাড়া কিছু বাস ডাম্পিং করে দীর্ঘদিন আটকে রাখার কারণে মালিকেরা সময়মতো কিস্তি পরিশোধ করতে পারছেন না।
শ্রমিকদের অবরোধের কারণে মহাখালী, বনানী, গুলশান, তেজগাঁও ও সাতরাস্তা এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। এতে অসংখ্য মানুষ ভোগান্তিতে পড়েন।
সম্প্রতি মহাখালীতে অলস পড়ে থাকা বাস পূর্বাচলে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে পুলিশ। এ নিয়ে মালিক ও শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়েছে। সেই অসন্তোষ থেকেই শ্রমিকেরা সড়ক অবরোধে নামেন।
শ্রমিক নেতারা জানিয়েছেন, আগামী শনিবারের মধ্যে তাদের দাবি কার্যকর না হলে রোববার থেকে আবারও সড়ক অবরোধ ও বাস চলাচল বন্ধের কর্মসূচি দেওয়া হবে।