নরসিংদীর শিবপুরে গোসলে নেমে শীতলক্ষ্যা নদীতে ডুবে নারী ও শিশুসহ চারজনের নিখোঁজের ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছে।
উদ্ধার মরদেহের মধ্যে রয়েছেন–গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ (২০) ও কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোসা. শান্তা (১৬)। এখনও নিখোঁজ শান্তর (২৪) খোঁজে উদ্ধার অভিযান চলছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে ৪ জন নিখোঁজের ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নদীতে তল্লাশি করে তাদের কোন সন্ধান না পেয়ে সকাল পর্যন্ত উদ্ধার অভিযান স্থগিত করে স্থানীয় ফায়ার সার্ভিস। শনিবার সকালে ভৈরব থেকে ডুবুরি দল ঘটনাস্থল শীতলক্ষ্যা নদীর আশেপাশের ৬ থেকে ১০ কিলোমিটার এলাকাজুড়ে উদ্ধার অভিযান চালিয়ে দুপুর ১২টা পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করে। এরমধ্যে ১০ কিলোমিটার দূরে কালিগঞ্জ উপজেলার দীঘুয়া এলাকায় শান্তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে ফায়ার সার্ভিসে খবর দেয়।
শিবপুর থানার ওসি কোহিনূর মিয়া বলেন, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। এখনও নিখোঁজ শান্তকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে ডুবুরি দল। উদ্ধার কাজ শেষে নিহতদের পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।