ঢাকার ধামরাইয়ে সিএনজি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।
বৃহস্পতিবার দুপুরের পর কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের নান্দেশ্বরী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সিএনজির যাত্রী আখি আক্তার, জসিম উদ্দিন ও সিএনজি চালক জুয়েল।
ধামরাই থানার উপপরিদর্শক মিজান জানান, টাঙ্গাইল থেকে সিএনজি যোগে শিশুসহ ৬ যাত্রী ঢাকার নবাবগঞ্জে যাওয়ার পথে কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের নান্দেশ্বরী বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এসময় পিকআপ ভ্যানের চালক পিকআপ ভ্যানসহ দ্রুত পালিয়ে গেলে স্থানীয়রা সিএনজির চালক ও যাত্রীসহ মোট ৭ জনকে উদ্ধার করে মানিকগঞ্জের সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি ময়নাতদন্তের জন্য মরদেহগুলো হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে জানিয়ে পুলিশ বলছে, পালিয়ে যাওয়া পিকআপ ভ্যানটি জব্দসহ চালককে আটকে চেষ্টা চালানো হচ্ছে।