ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পড়েছিল যুবকের মরদেহ

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝখানে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ২৫ বছর।

বৃহস্পতিবার বিকেলে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটার্নের মাঝখানে আইল্যান্ডের ওপর থেকে মরদেহটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।’

এসআই জাকির আরও বলেন, ‌‘নিহত যুবকের শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন ছিল। তাদের ধারণা, দ্রুতগামী কোনো গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়েছে। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’