কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা শহরের পুরাতন থানা এলাকায় আব্দুস সামাদ প্লাজার পাঁচতলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শ্রমিক হলেন–কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত জিনারাই গ্রামের গোলাপ মিয়ার ছেলে আফাজুল (৩৪) এবং হোসেনপুর উপজেলার সাব্বির (২৫)।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আব্দুস সামাদ প্লাজার পাঁচতলায় নির্মাণকাজ চলছিল। ওই দুই শ্রমিক নিচ থেকে মাথায় করে রড ওপরে তোলার সময় এসির বক্সে বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে মুহূর্তেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই দুজনের শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।