গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ে গেছে দুটি কলোনির ২৩টি ঘর ও ৫টি দোকান। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার হরিণাহাটি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেল রাতে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার একটি কলোনি থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পার্শ্ববর্তী আরেকটি কলোনিতে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে পুড়ে যায় দুইটি কলোনির ২৩টি ঘর ও ৫টি দোকান।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।