কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কিছুদিন আগে উপজেলার বিল মাকসা জলমহাল ইজারার জন্য দরপত্র আহ্বান করে প্রশাসন। পরে টেন্ডার প্রক্রিয়ায় উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক এসএম শাহীন অংশ নেন। এরই মধ্যে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ তার অনুসারীদের দিয়ে জলমহালটি নিয়ন্ত্রণে নিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন। এমন খবরে কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।
এর জের ধরে শুক্রবার দুপুরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। তবে এখনো প্রশাসনের পক্ষ থেকে জলমহালটি কাউকে বুঝিয়ে দেওয়া হয়নি।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।