ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যান্ত্রিক ত্রুটি নিয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ১০ জন। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। শুক্রবার বেলা ৪টার দিকে শিবচরের পাঁচ্চর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৪টার দিকে খুলনা থেকে ঢাকাগামী পালকি পরিবহনের বাসটি যান্ত্রিক ত্রুটির কারণে পাঁচ্চর সংলগ্ন বাখরেরকান্দি এলাকার সড়কে থামানো ছিল। এসময় পেছন থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস সজোরে পালকি পরিবহনের বাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেও পালকি পরিবহনের তিন যাত্রীর মৃত্যু হয়। এসময় উভয় পরিবহনের কমপক্ষে আরও ১০ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুনতাসির রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।’