বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় এ দুর্ঘটনা হয়।
নিহতরা হলেন– উজিরপুরের ধামসর এলাকার মোস্তাকিম, একই এলাকার তাওহিদ, সৌরভ। এদের সবার বয়স ১৭ বছর।
নিহতদের সবাই স্থানীয় বাসিন্দা। তারা শিকারপুর শের ই বাংলা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরিক্ষায় পাস করেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটিপাড়া এলাকা থেকে একটি মোটরসাইকেলযোগে চার যুবক ধামসর এলাকায় যাচ্ছিলেন। পথে এক যুবককে তার বাড়িতে নামিয়ে দিয়ে তিনজন পুনরায় ধামসরের উদ্দেশে রওনা হন। এসময় সামনে থাকা একটি ট্রাককে মোটরসাইলে থাকা যুবকরা ওভারটেক করার চেষ্টা করেন। তখন বরিশাল-থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সুরভী পরিবহনের সঙ্গে মোটরসাইকেলটির মুখমুখি সংঘর্ষ হয়।
এসময় দ্রুতগামী বাসটি মোটরসাইকেল আরোহীদের পিষে প্রায় অর্ধ কিলোমিটার সামনে এগিয়ে যায়। আরোহী তিনজনের সবাই ঘটনাস্থলেই নিহত হন। এদের একজনের শরীর থেকে মাথা ছিড়ে অনত্র পড়ে যায়।
পরে স্থানীয় জনতা বাসটিকে আটক করে তবে চালক ও সুপারভাইজার পালিয়ে যায়।
উজিরপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান, হাইওয়ে পুলিশ লাশগুলো হস্তান্তর পক্রিয়া শুরু করেছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস জব্দ করেছে।
এদিকে, উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাশ নেওয়ার পর সেখানে বিক্ষুদ্ধ সহপাঠিরা ক্ষোভ প্রদর্শন করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।