জুলাই গণঅভ্যুত্থানে মিরপুরে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা ও যুবলীগ নেতা মাইনুল ইসলাম নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।
রাষ্ট্রপক্ষ জানায়, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মিরপুর এলাকায় আন্দোলনকারী ছাত্র-জনতাকে দমাতে তাদের ওপর হামলা, গুলি, হত্যা এবং দমন-পীড়নের বিভিন্ন ঘটনাকে মানবতাবিরোধী অপরাধের আওতায় আনা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগে আন্দোলন দমনে অভিযুক্তদের ভূমিকা এবং মিরপুর এলাকায় সংঘটিত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের বিবরণ তুলে ধরা হয়েছে।
রাষ্ট্রপক্ষের দাখিল করা চার্জের ওপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি হবে। আদালত অভিযোগ আমলে নিলে চার্জ গঠনের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হবে।