কিশোরগঞ্জের ভৈরবে নিজ বাড়ির উঠানে গাছের সঙ্গে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় এক প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত প্রবাসীর নাম রোকন আহমেদ জয় (২৬)। তিনি ওই এলাকার মো. সাত্তার মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, রোকন আহমেদ জয় সিঙ্গাপুরে শ্রমিকের কাজ করেন। প্রায় দুই বছর সিঙ্গাপুরে থাকার পর এক মাস আগে ছুটিতে দেশে ফিরেছেন তিনি। আজ সকালে বাড়ির উঠানে একটি গাছের সঙ্গে রোকন আহমেদ জয়কে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে, পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।