রাজধানীর গুলিস্তানের দীর্ঘদিনের যানজট নিরসনে ফুলবাড়িয়া আন্তঃজেলা বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়াতে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ৩ মাসের মধ্যে বাস টার্মিনাল স্থানান্তর হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
শনিবার মহাখালী বাস টার্মিনালের নতুন করে বরাদ্দকৃত জায়গা দেখতে যান বাস মালিক সমিতির নেতৃবৃন্দ। এরপর ৮০টি বাস রাখার মতো নতুন জায়গা বুঝিয়ে দেওয়া হয়। মালিক সমিতির প্রতিনিধিরা জানান, ঢাকার বাস টার্মিনাল এলাকার যানজট নিরসনে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
এ সময় ডিএমপি কমিশনার বলেন, ‘বর্তমান সরকার বাস ডিপো এবং টার্মিনাল আলাদা করার কাজ করছে। মহাখালী টার্মিনাল নিজ জায়গায় থাকলেও ডিপো নিয়ে যাওয়া হবে পূর্বাচলে। এছাড়া ঢাকার যানজটের অন্যতম কারণ গুলিস্থান ও ফুলবাড়িয়া টার্মিনাল ৩ মাসের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে কেরানীগঞ্জের চুনকুটিয়াতে। আলাদা করা হবে টার্মিনাল ও ডিপো।’
এদিকে সম্প্রতি মিরপুরের সিটি করপোরেশনে উচ্ছেদ অভিযানে হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান ডিএমপি কমিশনার।