টাঙ্গাইলের ট্রাকচালককে কুপিয়ে হত্যা, আটক ২

টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. রাজিব হোসেন নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

আজ রোববার ভোররাতে উপজেলার এলেঙ্গা এলাকার শাপলা স্টিল ওয়ার্কশপের পাশে এ ঘটনা ঘটে।

নিহত রাজিব হোসেন লালমনিরহাটের হাতীবান্ধা থানার বাসিন্দা। তিনি কুড়িগ্রাম থেকে বালুবোঝাই ট্রাক নিয়ে টঙ্গীর উদ্দেশ্যে যাচ্ছিলেন।

পুলিশ জানায়, শাপলা স্টিল ওয়ার্কশপের পাশে ট্রাক থামিয়ে প্রস্রাব করার জন্য নিচে নামেন রাজিব। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী। আটক দুজনকে থানায় রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।

ওসি আরও জানান, ঘটনার পর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।