ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন গ্রাম যুবকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে খেলোয়ারসহ ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের মধ্যে তিনজন খেলোয়ারকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা বনাম একই ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার শেষ মুহূর্তে দুই পক্ষের দুইজন খেলোয়ার একে অপরের পায়ে (ফাউল) আঘাত করে। এ ঘটনাকে কেন্দ্র করে শরীফাবাদ ও ডাঙ্গারপাড় গ্রামের যুবকেরা চৌকিঘাটা প্লেয়ার ও যুবকদের ওপরে হামলা চালায়।
এরপর চৌকিঘাটা গ্রামের যুবকদের উপর ডাঙ্গারপাড়া ও শরিফাবাদ ২ গ্রামের লোকজন একত্র হয়ে হামলা চালায়। দুই পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। আধাঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন যুবক আহত হয়। আহতদেরকে তিনজন খেলোয়ারকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, এ বিষয়ে কোনো পক্ষেই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।