প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের 

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মো. ইয়াকুব (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইয়াকুবের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা চর গুলগুলিয়া এলাকায়। তার বাবার নাম আব্দুল বারেক। তিনি জমির ব্যবসা করতেন বলে জানিয়েছে স্বজনরা।

হাসপাতালে নিহতের ভাই ইউসুফ জানান, ‘আমার ভাই ল্যান্ড প্রপার্টির ব্যবসা করত। আজ বিকেলের দিকে কেরাণীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় একটি জায়গা দেখার জন্য মোটরসাইকেলে করে যাচ্ছিল। এ সময় একটি প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় আমার ভাই। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও আর বাঁচানো সম্ভব হয়নি।’ 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।