রাজধানীতে দ্বিতীয় তলার ব্যালকনি থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু 

রাজধানীর ভাটারার সাঈদ নগর বড় মসজিদের পাশে একটি বাসার দ্বিতীয় তলার ব্যালকনি থেকে পড়ে মো. নাঈম (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

শুক্রবার সকাল ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত শিক্ষার্থী নাঈমের বাড়ি রংপুরের মিঠাপুকুর এলাকায়। তার বাবার নাম মোস্তাফিজুর রহমান। বর্তমানে ভাটারার সাঈদ নগর এলাকায় বসবাস করতেন।

নিহতের সহপাঠী মাজহারুল ইসলাম বলেন, ‘আজ সকালের দিকে দ্বিতীয় তলার বেলকনি থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন নাঈম। পরে বিষয়টি আমরা জানতে পেরে প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।’ 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।