প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, বাইকারকে খুঁজছে পুলিশ

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। শুক্রবার দিনগত রাত ১টা ১৫ মিনিটে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এই বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরও একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে রাত আড়াইটার দিকে তা নিস্ক্রিয় করে ঢাকা মহানগর পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। 

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান গণমাধ্যমকে জানান, এ ঘটনায় জড়িত মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্তকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। 

ঘটনার পর থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে যান চলাচল নিয়ন্ত্রণসহ বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।