ফরিদপুরে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

 

ফরিদপুরের আলফাডাঙ্গায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে আকিদুল শেখ (২৬) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ২ লাখ টাকা জরিমানারও আদেশ দেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শামীমা পারভীন এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিল। সাজাপ্রাপ্ত আসামি আকিদুল শেখ জেলার আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের সেলিম শেখের ছেলে। 

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ জুন সকাল ১০টার দিকে ভুক্তভোগী ওই শিক্ষার্থী স্কুলে যাচ্ছিল। পথে আসামি আকিদুল তাকে জলাবদ্ধ রাস্তা পাড় করে স্কুলে পৌঁছে দেওয়ার কথা বলে নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। শিশুটি রক্তাক্ত অবস্থায় বিদ্যালয়ে গেলে শিক্ষকেরা ঘটনা শুনে ভুক্তভোগীর পরিবারকে খবর দেন। আহত শিশুকে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা জেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ভুক্তভোগী পরিবার ওই যুবকের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় ধর্ষণ মামলা দায়ের করে।

রাষ্ট্র পক্ষের কৌশলী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া জানান, এই ঘটনায় দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক আজ আসামি আকিদুল শেখকে ধর্ষণের অভিযোগে ফাঁসির আদেশসহ ও ২ লাখ টাকার জরিমানার রায় ঘোষণা করেন। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। 

পরে সাজাপ্রাপ্ত আসামিকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।