বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, ‘এটা বাংলাদেশে আমার প্রথম দুর্গাপূজা। আমি এমন কোথাও যেতে চেয়েছিলাম যেখানে আগে কোনো রাষ্ট্রদূত যাননি।’

তিনি বলেন, ‘আপনাদের নৃত্যশিল্পী, চমৎকার সাজসজ্জা এবং এখানে যা কিছু দেখেছি, সবকিছু দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। তাই আপনাদের আতিথেয়তা এবং আপনাদের এই উদযাপনের অংশ হতে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।’

সোমবার দুপুরে নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনের সময় এই কথা বলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

এর আগে তিনি নারায়ণগঞ্জ নগরীর শত বছরের প্রাচীন ঐতিহ্যবাহী বোস কেবিন পরিদর্শন করেন এবং বোস কেবিনের চা পান করেন। এসময় তার সফরসঙ্গী ও স্ত্রী ডিয়ানি ক্রিস্টেন্স সাথে উপস্থিত ছিলেন। 

এসময়  নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার হাবিবুর রহমান এবং আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবির কুমার সাহাসহ সনাতন ধর্মাবলম্বীদের স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে সকালে মার্কিন রাষ্ট্রদূত সোনারগাও লোক শিল্প যাদুঘর ও রূপগঞ্জে জামদানি শিল্প পরিদর্শন করেন।