নরসিংদীর মাধবদীতে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ।
আহত শ্রমিকরা হলো– জামাল (৩৮), টিপু (৪৫), ফয়সাল (২৫), রুবেল (৩৫) ও শাজাহান (৩০)।
ডা. হারুনুর রশিদ জানান, আজ রাতের দিকে নরসিংদীর মাধবদী এলাকা থেকে দগ্ধদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। জামালের শরীরে ৬০ শতাংশ দগ্ধ, টিপু শরীরে ৯০ শতাংশ দগ্ধ, ফয়সালের শরীরে ২৫ শতাংশ দগ্ধ, রুবেলের শরীরে ৮ শতাংশ দগ্ধ ও শাজাহানের শরীরে ৪ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি থাকায় টিপু ও জামালকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) স্থানান্তর করা হয়েছে। অন্যান্যদেরকে জরুরি বিভাগের অবজারভেশনে রেখে চিকিৎসার পরবর্তী ব্যবস্থা দেওয়া হচ্ছে।