তাহসিফের ‘বন্ধু’ দ্বীপ পিবিআই হেফাজতে, বাইক উদ্ধার

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরীর মৃত্যুর ঘটনায় তথ্য যাচাই-বাছাইয়ের জন্য তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন– পিবিআই। বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে তাকে নিয়ে যায় পিবিআই। 

এ বিষয়ে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি  মো. এনায়েত হোসেন মান্নান জানান, যেহেতু সবশেষ তারা দুইজন এক সঙ্গে ছিলেন, তাই তারা কোথায় গিয়েছিলেন বা কি করেছেন সে সংক্রান্ত তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। 

এদিকে, টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

এর আগে, বুধবার তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। তার দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে সুরতহাল প্রতিবেদনে জানায় পুলিশ। 

তবে তাহসিফের মৃত্যুকে পরিকল্পিত হত্যা হিসেবে দাবি করেছে পরিবার। ময়নাতদন্তের পর তাহসিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার বিকেলে উত্তরায় তাহসিফের দাফন সম্পন্ন হয়েছে।