নারায়ণগঞ্জে শ্রমিকদের সড়কে নামার চেষ্টা, ছত্রভঙ্গ করল পুলিশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় মজুরি বৃদ্ধির দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ফতুল্লার কাঠেরপুল এলাকার মেট্রো গার্মেন্টসের শ্রমিকেরা। দাবি আদায়ে কাজ বন্ধ রেখে সড়কে নামার চেষ্টা করছেন তারা। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন। নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চল, আদমজী ইপিজেড, সোনারগাঁ ও রূপগঞ্জের শিল্পপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

প্রশাসনের দাবি, কয়েকটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের শ্রমিকরা আন্দোলন করলেও জেলার সামগ্রিক শিল্প পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র‍্যাব ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, জেলার সব শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেবল কয়েকটি প্রতিষ্ঠানের শ্রমিকরা আন্দোলন করছেন। শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

সামগ্রিকভাবে শ্রমিক অসন্তোষ যেন অন্য শিল্পপ্রতিষ্ঠানে ছড়িয়ে না পড়ে এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বজায় থাকে, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন তৎপর রয়েছে বলে জানান জেলা প্রশাসক।