রাজধানীর উত্তরখানে বাসা থেকে সানজিদা আক্তার ইমা (২২) নামের এক তরুণীর গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী আমিনুর রহমানকে আটক করা হয়েছে।
আজ সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে সানজিদাকে হত্যা করা হয়েছে।
সানজিদা পাবনা জেলার আমিনপুর থানার শ্যামসুন্দরপুর গ্রামের এবিএম শফিকুল ইসলামের মেয়ে। তিন বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) নিসার আলী তিতুমীর জানান, রোববার রাত পৌনে ১১টার দিকে উত্তরখান থানাধীন হেলাল মার্কেটের মেরাদিয়া রোড সংলগ্ন একটি বাসা থেকে সানজিদার মরদেহ উদ্ধার করা হয়। তাঁর গলায় ওড়না পেঁচানো ছিল।
এসআই আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সানজিদার স্বামী আমিনুর রহমান তাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। এ ঘটনায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলছে।
নিহতের চাচা মো. সাইফুল ইসলাম জানান, প্রায় ১১ মাস আগে আমিনুর রহমানের সঙ্গে সানজিদার বিয়ে হয়। তারা দুজনই পড়াশোনা করতেন। উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনাও ছিল তাদের।
তিনি বলেন, সানজিদা পাবনার এডওয়ার্ড কলেজে পড়াশোনা করতেন। পরে ভালো ভবিষ্যতের আশায় প্রায় ৭-৮ মাস আগে ঢাকায় এসে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এরপর স্বামী-স্ত্রী উত্তরখানের হেলাল মার্কেটের মেরাদিয়া রোড সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতেন।