ফরিদপুরে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর দায়ে ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ বদ্ধ ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে আট যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়। 

দণ্ডপ্রাপ্তরা হলেন–শাহীন শেখ, জয় শেখ, রহিম মোল্লা, মনির শেখ, হৃদয় খা, ইলিয়াস শিকদার, মোস্তাক শেখ ও রিয়াজ শিকদার। তারা সবাই ফরিদপুরের ডিক্রিরচর ইউনিয়নের ধলার মোড় পালডাঙ্গী এলাকার বাসিন্দা। 

আদালত ও মামলার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৫ আগস্ট শহরতলীর ধলার মোড় এলাকায় নদীর পাড়ে ঘুরতে যান ওই কিশোরী। এ সময় কাশবনের কাছে এক বন্ধুর জন্য অপেক্ষা করছিলেন সে। তখন ওই আট যুবক তাকে দলবদ্ধ ধর্ষণ করেন এবং ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এ ঘটনায় ভুক্তভোগীর অনুপস্থিতিতেই ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করে।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি গোলাম রব্বানী ভূঁইয়া রতন রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে।