কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কারাবন্দি নেতার মৃত্যু

কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এ বন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রঞ্জিত কুমার ঘোষের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত রঞ্জিত কুমার ঘোষ জেলার সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এর জেল সুপার জাহানারা বেগম এসব বিষয় নিশ্চিত করেছেন।

জেল সুপার জানান, কয়েক মাস যাবত রঞ্জিত কুমার কারাগারে বন্দি অবস্থায় ছিলেন। আজ সকাল ১০টার দিকে তিনি অসুস্থতা অনুভব করলে তাকে কারা কর্তৃপক্ষ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বেলা পৌনে ১১টার দিকে তাকে ডাক্তার মৃত ঘোষণা করেন।

জেল সুপার আরও জানান, রঞ্জিত কুমার ঘোষ বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিলেন। এবং তিনি কারা অভ্যন্তরে হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছিলেন। আজ অসুস্থতার মাত্রা বেশি হলে উন্নত চিকিৎসার জন্য বাহিরে হাসপাতালে নেওয়া হয়েছিল।
 
এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান জেল সুপার জাহানারা বেগম।

মৃত রঞ্জিত কুমার ঘোষের স্বজনেরা জানান, জুলাই আন্দোলনের মামলায় পুলিশ রঞ্জিত কুমারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে পাঠান।