মাদরাসার আগুন 

বার্ন ইনস্টিটিউটে আরও ১৫ শিক্ষার্থী, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

নারায়ণগঞ্জের ফতুল্লার জামিয়া আশরাফিয়া মাদরাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনের ধোয়ায় অসুস্থ আরও ১৫ শিক্ষার্থী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে এসেছে। এতে হাসপাতালে আসা অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৬৩ হলো। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, এ পর্যন্ত মোট ৬৩ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছে।

এই চিকিৎসক জানান, আক্রান্তদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য আইসিইউতে রাখা হয়েছে। বাকি রোগীদেরও প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। 

এ আগুনের ঘটনায় আরও রোগী হাসপাতালের জরুরি আসছে বলেও জানান ডা. সুলতান মাহমুদ শিকদার।

ফতুল্লার জামিয়া আশরাফিয়া মাদরাসায় সোমবার দিনগত রাত দেড়টার দিকে আগুন লাগে। আজ সকাল পর্যন্ত প্রথমে অসুস্থ ৪৮ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। 

আহত শিক্ষার্থীদের মধ্যে রয়েছে– নাইমুল ইসলাম (১৫), তানভীর (২১), ইউসুফ (১৮), নাঈম (১৫), জোবায়ের (১৮), হাসনাত (২২), আবেদ (১৭), আশরাফুল (১৭), লাবিব (২২), হেমায়েত (২৩), আব্দুল্লাহ (১৪), মইনুল ইসলাম (২০), মাহাতির(১৩), আব্দুল আজিজ (১৮), রাশেদ (১৮), এনায়েত উল্লাহ (১৭), ফয়েজুল্লাহ (১৪), বাইজিদ (১৬), ইউসুফ (২০), আমিনুল্লাহ (১৮), নাজমুল (১৬), মিরাজ (১৮), মাহাতীর (১৩), আব্দুল আজিজ (১৮), মইনুল (২০), তানভীর (১৮), আল আমিন (১৭), জুবায়ের (১৭), রাকিব (১৭), আশিক (১৭), আব্দুল্লাহ (১৩), রিফাত উল্লাহ (২৯), লোকমান (২৭), মোহাম্মদ (২১), হুজাইফা(১৯), আলী হাসান (২৪), সিরাজ (২৫), রেদওয়ান (১৬), তাফসীর (১৪), রাকিবুল (২২), ইসমাইল (২১), আব্দুল্লাহ সাকিল(১৫), মাহফুজ (১৮), আবু বক্কর (২১), জুবায়ের (১৭) ও রাকিব (১৭) প্রমুখ।

হাসপাতালে নতুন করে আসা শিক্ষার্থীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।