নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে লাগা এ আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে। রাত সাড়ে ১০টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ঝুটপট্টি এলাকার একটি ঝুটের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং গোডাউন থেকে কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্টরা কাজ করছেন।