ফরিদপুরে গভীররাতে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চালকের মৃত্যু হয়েছে।
সোমবার দিবাগত পৌনে ২টার দিকে শহরের গোয়ালচামোট বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কালাচানের (৫৫) বাড়ি জেলার মকসুদপুর উপজেলার দিকনগর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে পার্কিং করা কিশোর তন্ময় নামের ওই লোকাল বাসে হঠাৎ আগুন দেওয়া হয়। এ সময় চালক বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় চালক অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন জানান, গভীর রাতে নতুন বাস স্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুনের ঘটনা ঘটে। এসময় বাসের চালক ভেতরে ঘুমিয়ে ছিল।
তিনি বলেন, চালক দ্রুত বের হয়ে নিজেও আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ধোঁয়ার কারণে চালকের মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।