গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভের মুখে অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৮টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এসব কারখানা ছুটি ঘোষণা করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টা থেকে বেশির ভাগ তৈরি পোশাক কারখানা খুলে দেওয়া হয়। এসময় কর্মস্থলে যোগ দেয় কারখানা শ্রমিকরা। তবে কোনাবাড়ি এলাকায় রিপন নীটওয়্যার লিমিটেড ও কাশিমপুর এলাকায় মন্ডল গ্রুপের শ্রমিকরা বিক্ষিপ্তভাবে জড়ো হয়ে বিক্ষোভ করার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেয়।
পরে সকাল সাড়ে ১০টার দিকে ইসলামপুর এলাকায় নর্প ইন্ডাস্ট্রির শ্রমিকরা ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলন শুরু করে। এ সময় কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের জন্য কারখানা ছুটি ঘোষণা করে।
এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় এসে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে এবং আশেপাশের কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে আন্দোলনের আহ্বান জানায়। এসময় আশেপাশের কারখানা শ্রমিকরা তাদের সঙ্গে জড়ো হতে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নাওজোড়, ইটাহাটা, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকায় অবস্থিত ১৮টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
এ সময় বেশিরভাগ শ্রমিক বাসায় ফিরে গেল কত পরিশ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করতে থাকে। তারা নাওজোড় থেকে শুরু করে বিক্ষোভ মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় অবস্থান নেয়।
পরিস্থিতির নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অনুষ্ঠানে দেখা গেছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার আশিক সাঈদ বলেন, ‘আজ সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক ছিল। কিন্তু শ্রমিক বিক্ষোভের মুখে অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৮টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় শিল্প পুলিশ ও থানা পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি, আনসাল ও গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করছে।’