মসলার আড়ালে হংকং থেকে আনা শিশা উদ্ধার, গ্রেপ্তার ৩

মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা ৩০ কেজি অবৈধ শিশা (হুক্কায় ব্যবহৃত তামাকজাত পণ্য) উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় একটি আমদানিকারক প্রতিষ্ঠানের মালিক, সরবরাহকারী ও বিক্রেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো- এএস সুন্নাহ প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট মো. সোলায়মান আহমেদ শুভ (৩১), সাবা অ্যান্ড রিহান এন্টারপ্রাইজের মালিক মো. শাকিল আহমেদ এবং ট্রাস্ট গ্লোবাল ট্রেডিংয়ের মালিক মো. মেহেদী হাসান (৪৬)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ঢাকার গোয়েন্দা নজরদারি ও কৌশলগত তৎপরতায় এই অবৈধ ব্যবসার সন্ধান পাওয়া যায়। দীর্ঘ দুই মাস ধরে নজরদারী করে সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি টিম সংশ্লিষ্ট শিশা আমদানিকারক শনাক্ত করে তাদের পুরো নেটওয়ার্ক চিহ্নিত করে। 

পরবর্তীতে ডিএনসি গোয়েন্দা টিমের সদস্যরা ক্রেতা সেজে তাদের কাছে ৫ কেজি শিশার অর্ডার দেবার পর এই আমদানির সকল কার্যক্রম মনিটরিং করা হয়। সেই ৫ কেজি শিশা সংগ্রহ করতে গিয়ে শেষ পর্যন্ত এর সঙ্গে আমদানি করা আরও ২৫ কেজিসহ মোট ৩০ কেজি অবৈধ শিশা উদ্ধার করা হয়। 

গত ১১ নভেম্বর তারিখ রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ঢাকার উপপরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে একটি আভিযানিক দল রাজধানীর বংশাল থানাধীন নর্থ সাউথ রোডে অবস্থিত একটি ভবনে এএস সুন্নাহ নামের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। এ সময় প্রতিষ্ঠানটির ভেতরে থাকা মো. সোলায়মান আহমেদ শুভকে আটক করা হয়। 

পরবর্তীতে তার দেখানো মতে প্রতিষ্ঠানের ভেতরে তল্লাশি চালিয়ে তিনটি কার্টনে থাকা আল ফাখের ব্র্যান্ডের মোট ৩০ কেজি শিশা উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, উত্তরা পূর্ব থানাধীন সাবা এন্ড রিহান এন্টারপ্রাইজের মালিক মো. শাকিল আহমেদের মাধ্যমে তিনি এই শিশা সংগ্রহ করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১২ নভেম্বর সকালে উত্তরা এলাকার উক্ত প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানের মালিক মো. শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় শিশা সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।

পরবর্তীতে শাকিল আহমেদের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা সেক্টর-১১ এলাকায় ট্রাস্ট গ্লোবাল ট্রেডিং নামের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক মো. মেহেদী হাসানকে (৪৬) গ্রেপ্তার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি তার এজেন্টের মাধ্যমে হংকং থেকে শিশাগুলো বাংলাদেশে আমদানি করে সাবা অ্যান্ড রিহান এন্টারপ্রাইজের মালিক শাকিল আহমেদের কাছে সরবরাহ করতেন। শাকিলের মাধ্যমে পরবর্তীতে এসব শিশা সোলায়মানের কাছে পৌঁছাত।

গ্রেপ্তারকৃতদের ব্যবহৃত মোবাইল ফোন ও সংশ্লিষ্ট তথ্যাদি পর্যালোচনায় সালমান নিবিড় (২৬) নামের আরও একজনের সঙ্গে শিশা ক্রয়-বিক্রয় ও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, সালমান নিবিড়সহ তারা দীর্ঘদিন ধরে পারস্পরিক যোগসাজশে অবৈধ শিশার ব্যবসা পরিচালনা করে আসছেন এবং এ চক্রে আরও কয়েকজন ব্যক্তি জড়িত রয়েছেন। সালমান নিবিড়কে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উদ্ধারকৃত শিশার উৎস ও আমদানি প্রক্রিয়া সম্পর্কে অধিকতর অনুসন্ধান চলছে। বিশেষ করে মসলার আড়ালে কীভাবে এসব পণ্য হংকং থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে এবং আমদানির সময় কাস্টমসের শুল্ক-ভ্যাট পরিশোধের প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বৈধ আমদানির কাগজপত্র ও শুল্ক-ভ্যাট পরিশোধের আড়ালে অবৈধ মাদকদ্রব্য আমদানি করা হয়েছে কি না, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত মো. সোলায়মান আহমেদ শুভ, মো. শাকিল আহমেদ ও মো. মেহেদী হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে বংশাল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কর্তৃক তদন্তাধীন। চক্রের পলাতক সদস্য ও এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্ত এবং গ্রেপ্তারে কার্যক্রম অব্যাহত রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের অবৈধ সরবরাহ ও বিপণন বন্ধে গোয়েন্দা নজরদারি, সাইবার পেট্রোলিং এবং অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।