শেখ হাসিনা কখনোই আসবেন না: এমপি কয়ছর

‘শেখ হাসিনা চৌদ্দ গোষ্ঠী নিয়ে পালিয়েছে, ওরা কখনও আসবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার নবনির্মিত ভবন উদ্বোধন ও কমিউনিটি পুলিশিং সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।  

এসময় কয়ছর আহমেদ বলেন, ‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন না। যে পালিয়ে যায় সে আর ফিরে আসে না। এটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি। এরা কখনো আসবে না এটা নিশ্চিত করে বলতে পারি। ফ্যাসিস্ট হাসিনাকে সরকার চেষ্টা করছে ফিরিয়ে আনতে। তার ফাঁসির রায় কার্যকর করতে। দীর্ঘদিন বাংলার মাটিতে গুম, খুন যারা করেছে তাদের বিচার হবে। দেশের সবাই চায় যেন এসকল অপরাধের বিচার হয়। আসবে আসবে বলাটা ওদের ভাঁওতাবাজি।’ 

এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, ‘যারা নিষিদ্ধ দলের নামে জ্বালাও-পোড়াও করতেছে তাদের বেশিরভাগ ভাড়াটিয়া; পয়সার বিনিময়ে এগুলো করতেছে। এরা সবসময়ই জ্বালাও-পোড়াও করে, এইটা তাদের কাজ। বাহিরের দেশ থেকে টাকা দিয়ে-ইন্ধন দিয়ে এসব করানো হচ্ছে।’ 

এসময় পুলিশের সিলেট রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সুনজিত চন্দ সরকারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।