৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে কোনো ডাকাতি হয়নি: ডিএমপি 

রাজধানীর ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে, তা নাকচ করে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে ডিএমপির পক্ষ থেকে জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, একটি অনলাইন সংবাদমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত একটি ভিডিওতে ওই সড়কে ডাকাতির যে দাবি করা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ৩০০ ফিট সড়কে এ ধরনের কোনো ডাকাতির ঘটনা ঘটেনি।

ডিএমপি জানিয়েছে, প্রকৃত ঘটনা যাচাই না করে চাঞ্চল্যকর শিরোনামে এ ধরনের সংবাদ বা ভিডিও প্রচার জনমনে অযথা আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। গণমাধ্যমের দায়িত্বশীলতার জায়গা থেকে যেকোনো ঘটনা প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে অসমর্থিত ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকা সবার দায়িত্ব। এ ধরনের প্রচারে বিভ্রান্ত না হয়ে যেকোনো সন্দেহজনক ঘটনা বা অপরাধের তথ্য নিকটস্থ থানা কিংবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর জন্য জনসাধারণের প্রতি অনুরোধ করছে ডিএমপি।