রবিবার থেকে শুরু হচ্ছে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা। যার প্রভাব পড়েছে বাজারে। সরবরাহ কম থাকার অজুহাতে রাজধানীতে প্রতি হালি ইলিশের দাম গত সপ্তাহের চেয়ে বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা। শীতকালীন সবজিতেও দিতে হচ্ছে বেশি দাম। তবে স্থিতিশীল মাংসের বাজার।
ইলিশের নিরাপদ প্রজননের জন্য ৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা। তাই, শেষ সময়ে ইলিশ কিনতে বাজারে ক্রেতাদের ভিড় বেশি। যদিও দাম শুনে অস্বস্তিতে পড়ছেন তারা। মাছ বিক্রেতারা জানান, ইলিশের ব্যবসার এটাই শেষ সপ্তাহ। বাজারে ইলিশের সরবরাহ কম, তাছাড়া শেষ মুহুর্তে মানুষ বেশি বেশি ইলিশ কিনে ফ্রিজে রাখছেন। তাই, ইলিশের দাম বাড়ছে।
গত সপ্তাহে এক কেজি বা তার চেয়ে বেশি ওজনের প্রতি কেজি ইলিশ ১৫০০ টাকায় বিক্রি হলেও এখন তা কিনতে হচ্ছে ১৭০০ থেকে ১৮০০ টাকায়। ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশের দাম পড়ছে ৮০০ থেকে হাজার টাকা।
শীত না এলেও বাজারে এসে গেছে শিম, মূলা, ফুলকপিসহ নানা জাতের শীতের সবজি। অবশ্য, এসব সবজির স্বাদ নিতে গুনতে হচ্ছে বেশি দাম। শিমের কেজি ১০০ টাকা, মূলা ৪০ টাকা আর ফুলকপি জোড়া বিক্রি হচ্ছে ১২০ টাকা।
তবে স্বস্তি রয়েছে মাংসের বাজারে। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকা কেজি দরে। অপরিবর্তিত রয়েছে গরু ও খাশির মাংসের দাম। চাল-ডালসহ অন্যান্য পণ্যের বাজারও আগের মতোই রয়েছে বলে জানালেন ব্যবসায়ীরা।
/এন-এইচ/